সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বর্তমানে চিকিৎসার প্রয়োজনে বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার। বৃহস্পতিবার (১৫ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।
রিয়াদ লেখেন, ৮২-৮৩ বছর বয়সী আবদুল হামিদ বর্তমানে অসুস্থতায় ভুগছেন। দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারেন না, দুই ঘণ্টা বসে থাকতে পারেন না—এমন পরিস্থিতিতে তিনি অধিকাংশ সময় বিছানায় কাটাচ্ছেন। তার ওজন নেমে এসেছে মাত্র ৫৪ কেজিতে। এমন শারীরিক অবস্থায় প্যান্ট পরতে না পেরে তিনি লুঙ্গি পরে থাকতে বাধ্য হচ্ছেন। ডাক্তারদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘদিন আগে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এরপর থেকে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। “যেখানে শত শত বাংলাদেশি নিয়মিত থাইল্যান্ডে চিকিৎসা করাতে যান, সেখানে তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে পারেন,” বলেন রিয়াদ।
তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রা নিয়ে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে, তা বিকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত। একইসঙ্গে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন আবদুল হামিদ দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে মো. আবদুল হামিদ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তিনি গত ৬ মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন।
এরপর বিভিন্ন রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষ করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালীন সহিংসতার ঘটনায় কিশোরগঞ্জে তার নামে দায়েরকৃত মামলাকে ঘিরে বিতর্ক বাড়ে। তার দেশত্যাগের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
সূত্র:নয়াদিগন্ত
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ